মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো ব-১২-৫২৬৫)-এর একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার কাছে চলন্ত একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো উ-১৪-৩৭৬৩) ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই হাঁসাড়া হাইওয়ে থানা, শ্রীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার, হেলপার ও এক যাত্রীসহ মোট ৩ জন প্রাণ হারান। এছাড়া আহত হন অন্তত ১৬ জন যাত্রী, যাদের মধ্যে অনেকেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পরই দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। পরিদর্শনকালে তিনি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখেন, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উদ্ধারকাজ ও পরবর্তী আইনি কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকসহ সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং সচেতনতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা ও সতর্কতার কোনো বিকল্প নেই বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।




