ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আশরাফুজ্জামান ওরফে লিটু (৩৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাতক্ষীরাগামী একটি বাসে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদক চক্রের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ রুটে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে




