সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দ করা ও প্রস্তাবিত স্থানে “বগুড়া বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার দাবিতে বগুড়ার শাজাহানপুরে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে শাজাহানপুরবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে স্থানীয়রা উল্লেখ করেন, ২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় “বগুড়া বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ফলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বগুড়া ও আশপাশের জেলার বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে শাজাহানপুরে দ্রুত “বগুড়া বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা করা সময়ের দাবি। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবকে সম্মান জানিয়ে ওই স্থানেই বিশ্ববিদ্যালয় স্থাপনের আহ্বান জানান।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করে বলেন, শাজাহানপুরবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
মানববন্ধন শেষে এলাকাবাসীর প্রতিনিধিরা ইউএনও ও ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি হস্তান্তর করেন এবং তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।