বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে স্থায়ী মাল্টিপারপাস সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘গাইবান্ধা তথা উত্তরবঙ্গবাসী’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি। একসময় এই পথে রেল ফেরি চলাচল করলেও প্রায় ২২ বছর ধরে তা বন্ধ রয়েছে।
বক্তাদের দাবি, নৌপথটি পুনরায় সচল করতে প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ঘাট ও আধুনিক টার্মিনাল নির্মাণ করা হয়েছিল। তবে নদীর নাব্যতা সংকট ও প্রয়োজনীয় খননকাজ না হওয়ায় কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। এতে সরকারি অর্থ ব্যয়ের পরও মানুষের দুর্ভোগ কমেনি।
আন্দোলনকারীরা জানান, বালাসী-বাহাদুরাবাদ রুটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে উত্তরবঙ্গের অন্তত আটটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। তাদের হিসাবে, এ পথে যাতায়াতের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমতে পারে।
সেতুটি নির্মিত হলে সময় ও জ্বালানি খরচ কমার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছানো সম্ভব হবে বলেও দাবি করেন তারা। এতে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
মানববন্ধন থেকে দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু অথবা টানেল নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।




