বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুইজনের কারাদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন কিশোর হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চরলক্ষীবর্ধন গ্রামের মো. মামুন ইসলাম (২৩), মো. কামাল হোসেন (২৫), মো. রবিউল মৃধা (১৩) ও মো. মোহাম্মদ খান (১৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল জানান, আটক চারজনের মধ্যে দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top