বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন এফডিএমএন সদস্য রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) নাফ নদীর শূন্যলাইন দিয়ে আরাকান আর্মির কাছ থেকে এসব জেলেকে গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধিদল। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। পরে তাদের আটক করে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকা ও কারাগারে রাখা হয়।
মানবিক বিবেচনায় আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার নাফ নদীর শূন্যলাইনে আরাকান আর্মির কাছ থেকে ২৪ জনকে গ্রহণ করা হয়।
বিজিবির এক কর্মকর্তা জানান, আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে মানবিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব।
টেকনাফ জেটিঘাটে ফেরত আসা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, মিয়ানমারে এখনও আটক থাকা অন্যান্য জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পাওয়ায় জেলে পরিবারগুলোতে স্বস্তি ফিরেছে।




