ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু, সুযোগ পেলেন ৩০ জন

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ ও সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সালেহ আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সঠিক তথ্য সংগ্রহ এবং নির্ভুল উপকারভোগীর তালিকা তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভায়ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
শনিবার ও রোববার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বাউফল উপজেলার ধুলিয়া ও কাছিপাড়া ইউনিয়নের ১৫ জন এবং পাশের দশমিনা উপজেলার আরও ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অংশ নিচ্ছেন। দুই উপজেলা মিলিয়ে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান এবং দশমিনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইশ্রাফুল হোসেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপির আগামী সোমবার (১২ অক্টোবর) সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top