পটুয়াখালীর দশমিনা সদর বাজারে আধুনিক বহুতল মার্কেট ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নে প্রস্তাবিত স্থানে দ্রুত Soil Test ও Topo Survey সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এলজিইডির দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে গত ১০ আগস্ট ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দশমিনা বাজারে একটি মার্কেট ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত ভবনটি বাজারের কেন্দ্রীয় এলাকায়, মূল সড়কের পাশে এবং দৃশ্যমান স্থানে নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এলজিইডির নির্দেশনায় বলা হয়েছে, মার্কেট ভবন নির্মাণের জন্য উপযুক্ত খালি জায়গা নির্বাচন করতে হবে। প্রয়োজনে বাজারে থাকা পূর্বনির্মিত জরাজীর্ণ মার্কেট বা শেড অপসারণ করে সেখানে নতুন ভবন নির্মাণের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির (UMMC) সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রস্তাবিত স্থান পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রস্তাবিত স্থানের দাগ ও খতিয়ান নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে দ্রুত অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সয়েল টেস্ট ও টপোগ্রাফিক্যাল সার্ভে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের মতে, বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে দশমিনা সদর বাজারের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা অনেকাংশে দূর হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়ার পাশাপাশি বাজারের সৌন্দর্য ও পরিবেশেরও উন্নয়ন ঘটবে। আধুনিক মার্কেট নির্মিত হলে ব্যবসায়ীদের স্থান সংকট কমবে এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য আরও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে বলে তারা আশা করছেন।
এ উদ্যোগের পেছনে স্থানীয় পর্যায়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রচেষ্টা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে প্রকল্পের বাস্তবায়ন ও নির্মাণকাজ শুরুর আগে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী স্থান নির্বাচন, জরিপ ও কারিগরি যাচাই সম্পন্ন করা হবে।