জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জন ছাড়া পেয়েছেন, ২৯ জনের পরিচয় যাচাই চলছে

ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয়ের তথ্য নিশ্চিতে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা জাসদের নেতাদের কাছ থেকে কাগজপত্র (নেতা-কর্মীদের তালিকা) নিয়েছি। সেসব দেখে যাচাই-বাছাই করে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের হেফাজতে আরো ২৯ জন আছেন।

তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা তিনটার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top