গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫১ পিস টাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সবুজপাড়া এলাকার আচান আলীর মেয়ে ও তাজুল ইসলামের স্ত্রী মোছা. শাহনাজ বেগম মঙ্গলী (৪৫) এবং একই এলাকার মোমলেম উদ্দিনের ছেলে মো. তাজু ইসলাম (৪৮)।
পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় শাহনাজ বেগমের টিনশেড বসতবাড়ির পশ্চিম দুয়ারী ঘরের ভেতর থেকে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে শাহনাজ বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত থ্রি-পিসের পায়জামার কোমরের গোচরে রাখা টাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার করা ট্যাবলেটের মোট সংখ্যা ৫১ পিস। উপস্থিত সাক্ষীদের সামনে এসব মাদক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ৩ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ও ৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




