কুড়িগ্রাম নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত হবে না: ত্রাণমন্ত্রী

গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা কাঠামো দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তার দাবি, ওই সময়ের অনিয়ম ও দুর্নীতির প্রভাব এখনো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে রয়েছে।বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনায় অসামঞ্জস্য তৈরি হয়েছিল। এর প্রভাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সীমাবদ্ধ নয়; প্রশাসনের বিভিন্ন পর্যায়েও এর প্রভাব রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে আসাদুল হাবীব দুলু বলেন, জেলার প্রতি সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। কোনো নির্বাচনী ফলাফলের কারণে কুড়িগ্রাম উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে থাকবে না। দেশের পিছিয়ে থাকা এই জেলায় দারিদ্র্য কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির পাশাপাশি সরকারের প্রতি তাদের আস্থা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
ভবন উদ্বোধনের পর মন্ত্রী রাজারহাট উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top