কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধরের অভিযোগ, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক নারী হাসপাতালকর্মীকে জুতা দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক চিকিৎসক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চিকিৎসকসহ তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী মো. আলাউদ্দিন।
মামলার আসামিরা হলেন ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা (৩৫), হাসপাতালের চিকিৎসক ও পরিচালক মো. নাহিদ ইসলাম (৩৫) এবং সাবিনা আক্তার (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার অফিসকক্ষে এ ঘটনা ঘটে। চিকিৎসকের জন্য তিনটি মোগলাই পরোটা কিনে বাসায় পাঠান লামিয়া। চালক আবু বক্করের মাধ্যমে নাস্তা পাঠাতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, একপর্যায়ে অফিসকক্ষের দরজা বন্ধ করে লামিয়ার চুলের মুঠি ধরে মারধর করা হয়। এ সময় তাঁর দিকে পেপারওয়েট ও শক্ত বোর্ড ছুড়ে মারা হয় এবং জুতা দিয়ে পেটানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী।
এ ছাড়া লামিয়ার ব্যবহৃত একটি স্মার্টফোন ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে মামলায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত স্ত্রীকে উদ্ধার করেন মো. আলাউদ্দিন। পরে তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top