পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খুলনার কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাছারী বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে কেবল বৃক্ষরোপণ করলেই চলবে না, তার সঠিক পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ও মেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত গাছ পরিচর্যার ওপর জোর দেন। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।