খুলনার কয়রা উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া সাড়ে ১১ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ নিরাপদে সুন্দরবনের গহীনে অবমুক্ত করেছে বন বিভাগ। প্রায় ১২ কেজি ওজনের এই বিশালাকার অজগরটি সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ৪ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা আবু বকরের বাড়ির আঙিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় সাপটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগ, ভিটিআরটি এবং সিপিজি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলাম জানান, সুন্দরবনের বন্যপ্রাণী খাদ্যের সন্ধানে কিংবা ভুলবশত লোকালয়ে চলে এলে সেগুলোকে আঘাত না করে বন বিভাগকে দ্রুত খবর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সুন্দরবনের বাস্তুতন্ত্র ও বন্যপ্রাণী রক্ষায় তিনি স্থানীয়দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।