মঙ্গলবার,২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ,৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও অপহরণ দমনে কঠোর বার্তা: রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি জোরদার ও টেকনাফে যৌথ অভিযান শিগগিরই এমপি শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও অপহরণ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত এবং টেকনাফে অপহরণচক্রের বিরুদ্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক দায়িত্ব পালনে এপিবিএন ও আরআরআরসিসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তাদের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের বিভিন্ন অপরাধের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে নানা চ্যালেঞ্জ রয়েছে। তাই এসব অপরাধের উৎস চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের ভালো কাজের জন্য দীর্ঘদিন স্মরণ রাখে।

সভায় তিনি জানান, টেকনাফে সক্রিয় অপহরণচক্রের বিরুদ্ধে খুব শিগগিরই যৌথ বাহিনীর সর্বাত্মক অভিযান শুরু হবে। মাদক, অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন