বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বুধবার (১৩ মে) সকালে উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও প্রয়োজনীয় মশলাসহ প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী। আয়োজকরা জানান, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই খাদ্য সহায়তা নিম্নআয়ের পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বেলকুচিতে সাম্প্রতিক সময়ে টিউবওয়েল স্থাপন, অযুখানা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে। বর্তমানে এ অঞ্চলে সংস্থাটির আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে, যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দোস্ত এইড কেবল তাৎক্ষণিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং টেকসই মানবিক উন্নয়ন নিশ্চিত করাই সংস্থাটির মূল লক্ষ্য। তিনি জানান, বেলকুচিতে ইতোমধ্যে টিউবওয়েল, অযুখানা, কুরবানি ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং আরও বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক মর্যাদা রক্ষায় দোস্ত এইড ভবিষ্যতেও কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নজাবত হোসেন। সভাপতির বক্তব্যে তিনি দোস্ত এইডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংস্থাটি যে মানবিক দায়িত্ব পালন করছে, তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, “আমাদের এই অঞ্চলের জন্য দোস্ত এইড একটি আশীর্বাদ স্বরূপ। ইতোপূর্বে কোনো সংস্থাই এভাবে ধারাবাহিক ও কার্যকর মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেনি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, বার্ড সেফটি সোসাইটি-এর প্রধান মামুন বিশ্বাস, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনটিভির রিপোর্টার রফিক মোল্লা, দোস্ত এইডের শিক্ষা অফিসার শওকত মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা দোস্ত এইডের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দোস্ত এইডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় ভলেন্টিয়ার মিজানুর রহমান।
ফুড প্যাকেট পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। এই খাদ্য সহায়তা তাদের কষ্ট অনেকটাই লাঘব করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, প্রতিবন্ধী পুনর্বাসন, দারিদ্র বিমোচন, জরুরি ত্রাণ সহায়তা, কুরবানি, গৃহ নির্মাণ ও মসজিদ উন্নয়নসহ বিভিন্ন মানবিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি ইতোমধ্যে সারাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে অসংখ্য মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন