বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় গ্রেপ্তার ২

রংপুরের তারাগঞ্জে আলোচিত ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের আটক করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রাফিউর রহমান লাবলু ওরফে লাবু (৩২), পিতা মনোয়ার হোসেন (মকবুল), গ্রাম ঘনিরামপুর (ঝাকুয়া পাড়া), তারাগঞ্জ, রংপুর এবং মাজেদুল ইসলাম (৩২), পিতা মোবারক হোসেন, গ্রাম কুর্শা (জদ্দীপাড়া), তারাগঞ্জ, রংপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, মনজুরুল হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ধারাবাহিক অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ ২০২৬ ভোর ৪টার দিকে বগুড়া জেলার গোকুল এলাকা থেকে রাফিউর রহমান লাবলু ওরফে লাবুকে গ্রেফতার করা হয়। এর আগে ১৪ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা (জদ্দীপাড়া) গ্রামে নিজ বাড়ি থেকে মাজেদুল ইসলামকে আটক করে পুলিশ।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন