কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযানে ২২ বস্তা ইউরিয়া সার ও একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই বিকেলে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বিওপি থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে আনজুমানপাড়া এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পালংখালী বাজার থেকে আনজুমানপাড়াগামী একটি ইজিবাইককে থামানোর সংকেত দিলে চালক ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ইজিবাইকে থাকা পাঁচ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
একই দিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারের নেতৃত্বে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে গয়ালমারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা আরও ১৭ বস্তা ইউরিয়া সার মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারিদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মোট ২২ বস্তা ইউরিয়া সার, একটি ইজিবাইক এবং পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।




